দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দু’টি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় দুদক মহাপরিচালক মো. মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি দামী ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাকে মারধর করে আহত করা হয়েছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে আঘাত করেছিল। এতে তিনি ঘাড় ও চোখে মারাত্মক জখম হন। বর্তমানে ওই দুদক কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর নাম শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ফোন দু’টি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেনের ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়েছে।