‘ইফতারের সময় একটু পানিও দেয়নি পুলিশ’—কারাগার থেকে বেরিয়ে মা-মেয়ের আর্তনাদ

0
কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে পুলিশের নির্যাতন ও বিতর্কিত কারাদণ্ড বাতিল করলেন আদালত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ কক্সবাজারের পেকুয়া থানায় মা ও মেয়েকে মারধর এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া এক মাসের কারাদণ্ডের আদেশ বাতিল করেছেন আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের আদালত আপিল শুনানি শেষে রেহেনা মোস্তফা (৪২) ও তাঁর মেয়ে জুবাইদা বেগমকে (২১) বেকসুর খালাস প্রদান করেন। সাজা বাতিলের পর সন্ধ্যায় তাঁরা কারাগার থেকে মুক্তি পেয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

গত বুধবার থানায় ডেকে নিয়ে এই দুই নারীকে নির্যাতনের অভিযোগ ওঠে পেকুয়া থানা পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, এসআই পল্লব কুমার ঘোষ তদন্ত প্রতিবেদনের জন্য নেওয়া ঘুষের টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁদের থানায় ডাকেন এবং ভেতরে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালান। এরপর থানার ভেতরেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম তাঁদের এক মাসের সাজা দেন।

ভুক্তভোগী রেহেনা মোস্তফা অভিযোগ করেন, “ইফতারের সময় আকুতি-মিনতি করলেও পুলিশ একটু পানি পর্যন্ত দেয়নি।” এমনকি গুরুতর জখম থাকায় কারাকর্তৃপক্ষ প্রথমে তাঁদের গ্রহণ করতে চায়নি বলেও দাবি করেন তিনি। যদিও পুলিশ ও ইউএনও পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগ তোলা হয়েছিল, তবে আদালত সেই দণ্ডাদেশ বাতিল করে তাঁদের মুক্তি দিয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।