ঝিনাইদহে সড়কে ত্রিমুখী সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

মাইক্রোবাস, মোটরসাইকেল ও অটোভ্যানের

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাইক্রোবাস, অটোভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হাফিজুর রহমান (৩৪) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হাট ফাজিলপুর এলাকার ছাবিনগর স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান উপজেলার ছাবিনগর গ্রামের বাসিন্দা এবং তিনি হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বলে জানা গেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন হাফিজুর রহমান। পথে ছাবিনগর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অটোভ্যান ও বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।