আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘খোলা যুদ্ধ’ ঘোষণা; কাবুল-কান্দাহারে বিমান হামলা

0
আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল পাকিস্তান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার পর প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী কাবুলসহ কান্দাহার ও পাকতিয়ার বিভিন্ন প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই অভিযানকে ‘সর্বাত্মক মুখোমুখি সংঘর্ষ’ হিসেবে অভিহিত করে বলেছেন, পাকিস্তানের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, আজ ভোর থেকেই কাবুল ও কান্দাহারে যুদ্ধবিমানের গর্জন ও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানের দাবি, বৃহস্পতিবার রাতে আফগান বাহিনীর হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তারা পাকিস্তানের ‘সীমান্ত লঙ্ঘনের’ বিরুদ্ধে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান শুরু করেছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, স্থল অভিযানে এখন পর্যন্ত তাদের আটজন সেনা নিহত হয়েছেন। তোরখাম সীমান্তে শরণার্থী শিবিরেও মর্টারের গোলা আঘাত হেনেছে। দুই দেশের এই রক্তক্ষয়ী সংঘাত এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটে ফেলেছে।