সেনা সদরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ; আফগান অপতৎপরতায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা

0
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেনা সদর পরিদর্শন করেছেন। আফগানিস্তানের যেকোনো উস্কানির জবাবে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন তিনি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সামরিক সদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি রাওয়ালপিন্ডিতে সেনা সদরে পৌঁছালে তাঁকে সামরিক নেতৃত্বের পক্ষ থেকে আফগানিস্তান সীমান্তে চলমান ‘গজব লিল-হক’ অভিযানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আফগান তালেবান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতায় ইসলামাবাদের নীতি হবে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসন গুঁড়িয়ে দিতে এবং দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত।

প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় রাষ্ট্র হলেও যেকোনো বহিঃশত্রুর মোকাবিলা করার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও বিমান হামলার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।