আফগানিস্তানে পাকিস্তানের ‘গজব লিল-হক’ অভিযান; ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

0
বৃহস্পতিবার রাতে ‘অপারেশন গজব লিল–হক’ নামে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে পাকিস্তান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সামরিক বাহিনীর পরিচালিত ‘অপারেশন গজব লিল-হক’-এ এ পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

মুখপাত্র জানান, চলমান এই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। অভিযানে তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এর আগে সকালে পাক প্রধানমন্ত্রীর মুখপাত্র ১৩৩ জন নিহতের তথ্য দিলেও সময় বাড়ার সাথে সাথে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে, ইসলামাবাদ জানিয়েছে যে সংঘর্ষে তাদের ২৭ জন সেনা সদস্য আহত হয়েছেন। তবে তালেবান সরকার পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। হতাহতের এই সংখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক গরমিল পাওয়া গেছে।