চাঁদাবাজির পর এবার হত্যাচেষ্টা মামলা; কারাগারে সাবেক ছাত্রনেতা রিয়াদসহ চারজন

0
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় বিতর্কিত ছাত্রনেতা আবদুর রাজ্জাক রিয়াদসহ ৪ জন কারাগারে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদারকে ক্যাফেটেরিয়া ও ক্যাম্পাস সংক্রান্ত তুচ্ছ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই আরমান আলী আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে বিবাদী পক্ষ জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আগামী ১ মার্চ শুনানির দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার রাতে গুলশান থানা পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের গ্রেপ্তার করে। এজাহার অনুযায়ী, রিয়াদের নির্দেশে নির্জনকে চেয়ার দিয়ে মারধর এবং সুইচ গিয়ার চাকু দিয়ে মুখমণ্ডলে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত বছরের জুলাইয়ে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছিলেন এই আবদুর রাজ্জাক।