খুলনার দিঘলিয়ায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

0
খুলনার দিঘলিয়ায় যুবদল কর্মী মুরাদ খানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জের ধরে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটী মিয়া পাড়া মসজিদের সামনে এই বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত মুরাদ হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে এবং উপজেলা যুবদলের সক্রিয় সদস্য ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদ খুলনা থেকে নিজ বাড়িতে ফেরার পথে একদল যুবক তাঁর গতিরোধ করে। প্রাণভয়ে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলেও হামলাকারীরা তাঁকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মুরাদ নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।