অর্থনৈতিক সংকট কাটাতে কর ও বিনিয়োগ বৃদ্ধিতেই জোর সরকারের: অর্থমন্ত্রী

0
অর্থনৈতিক সংকট কাটাতে কর বৃদ্ধি ও বিনিয়োগকে মূল অগ্রাধিকার দিচ্ছে সরকার। চট্টগ্রামে পতেঙ্গা হাসপাতাল পরিদর্শনকালে এ কথা জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের বর্তমান অর্থনৈতিক সংকট উত্তরণে করের (ট্যাক্স) পরিধি বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগকে সরকার প্রধান অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। বিএনপির নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান একটি বড় অঙ্গীকার, যা বাস্তবায়নে আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” এ সময় তিনি পতেঙ্গা এলাকায় একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট ও টেকনোলজিস্ট ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা জানান। পরে তিনি মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় নৌবাহিনীর অধিগ্রহণকৃত ১৪ দশমিক ২১ একর জমি সরেজমিনে পরিদর্শন করেন। বন্দর ও পতেঙ্গা আসনের এই সংসদ সদস্য আশা প্রকাশ করেন, এই হাসপাতাল প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের চিকিৎসাসেবার সংকট দূর হবে।