দূষণের শীর্ষে ঢাকা; আজ বিশ্বের সবচেয়ে বিষাক্ত বাতাস বইছে রাজধানী জুড়ে

0
বিশ্বের ১২৩টি দেশের মধ্যে আজ বায়ুদূষণে এক নম্বরে ঢাকা। সকালের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুর মান ছিল ২৫৪।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানী ঢাকার বায়ুর মান আজ বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ১২৩টি দেশের মধ্যে দূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টা ৪৭ মিনিটে ঢাকার বায়ুর মান রেকর্ড করা হয়েছে ২৫৪ স্কোর, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

প্রতিবেদন অনুযায়ী, ২২০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় এরপরই যথাক্রমে নেপালের কাঠমাণ্ডু (১৮৭), ভারতের দিল্লি (১৮৭) এবং কলকাতা (১৮৪) অবস্থান করছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, বায়ুর মান সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। দীর্ঘদিন ধরে ঢাকার বাতাস এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের হুমকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।