জনসভা শুরুর অপেক্ষা: যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা, ভাষণ বিকেল ৩টা ৩০ মিনিটে

0
জনসভা শুরুর আগেই যশোর ঈদগাহ ময়দানে নেতাকর্মীদের জমায়েত ।। ছবি: সংগৃহীত

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় তাঁর প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী জনসভাটি বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শার্শা উপজেলায় উলাশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। দুপুর থেকেই যশোর শহর ও এর আশপাশের এলাকা থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলসহকারে জনসভাস্থলে আসতে শুরু করেছেন। বর্তমানে ঈদগাহ ময়দান ও সংলগ্ন এলাকায় প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তীব্র গরমের কারণে মাঠে আগতদের জন্য পানি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। জনসভাস্থল ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিকেলে জনসভায় ভাষণের পর প্রধানমন্ত্রীর সন্ধ্যায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।