যশোরে ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী; পূরণ হলো যশোরবাসীর দীর্ঘদিনের দাবি

0
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফলক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

যশোরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই প্রকল্পের শুভ সূচনা করেন। এর আগে সকালে তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। একটি সুস্থ জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। তিনি হাসপাতালের সক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ‘প্রিভেনশন’ বা রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী আরও জানান, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ করে সরকারি হাসপাতালে রোগীর চাপ কমাতে গুরুতর রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে সরকারি খরচে চিকিৎসা দেওয়ার নতুন উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারের একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হলো। যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রতিশ্রুতি এবং তাঁর পিতা প্রয়াত তরিকুল ইসলামের উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় এই মেগা প্রকল্প আলোর মুখ দেখল। উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার এই মেডিকেল কলেজ অনুমোদনের পর জমি অধিগ্রহণ করলেও দীর্ঘ ১৭ বছর হাসপাতাল নির্মাণের কাজ স্থবির ছিল। নিজস্ব হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যশোর জেনারেল হাসপাতালে ব্যবহারিক শিক্ষা গ্রহণ করতে হতো।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।