ঘোষণা না দিয়ে সীমান্ত বন্ধ করায় ৩শ বাংলাদেশি যাত্রী ফেরত

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল(যশোর) সংবাদদাতা ॥ ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে তিনদিন পাসপোর্ট যাত্রী পারাপার সীমিত করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। এ সময় শুধুমাত্র অ্যাম্বুলেন্সে বহনকারী মূমূর্ষু রোগী ভারতে যেতে পারবেন। ঘোষণা না দিয়ে এ পদক্ষেপ নেওয়ার অনেক পাসপোর্ট যাত্রী বেনাপোল থেকে ফিরে এসেছেন।

সোমবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় তিনশো পাসপোর্ট যাত্রী ভারতে যেতে না পেরে ফিরে আসেন।
সূত্র জানায়, আগামী ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হবে।

এই সময়ে মানুষ ও যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ফলে বেনাপোলসহ সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা, ভোটারদের ভোটদানের উদ্দেশ্যে যাতায়াত ও পচনশীল পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে সীমান্ত বন্ধের ঘোষণায় যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে। পণ্য খালাসে বিলম্ব হতে পারে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ এস এম সাখাওয়াত হোসেন জানান, বিশেষ অনুমোদন সাপেক্ষে জরুরি ক্ষেত্রে সীমিত পরিসরে পাসপোর্টযাত্রী পারাপারের সুযোগ রাখা হতে পারে।

ভারতীয় কর্তৃপক্ষ সবাইকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অ্যাম্বুলেন্সে
বহনকারী মূমূর্ষু রোগী যাতায়াতে কোন বাধা নেই। দেশের অধিকাংশ পাসপোর্ট যাত্রী এ নিষেধাজ্ঞার বিষয়টি না জানা থাকায় কিছুটা সমস্যায় পড়েছেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩শ যাত্রী ভারতে যেতে পারেননি।