যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। আটক আব্দুর রউফ যশোরের শার্শা থানার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার ওপর সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এসময় তার প্যান্টের পকেটে বিশেষ কাগজে মোড়ানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

অভিযানে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার, নগদ টাকা: ১০,৬৯০ টাকা, ২টি মোবাইল ফোন, জব্দ করা হয়েছে। সর্বমোট সিজার মূল্য: ১,৩০,৫৭,৩৫০ (এক কোটি ত্রিশ লক্ষ সাতান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রউফ স্বীকার করেছে যে, সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিল। ঢাকা থেকে যশোর ও ঝিকরগাছা হয়ে এই স্বর্ণ ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করেছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান সর্বদা অব্যাহত থাকবে।