এ বছর ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা

0
এ বছর জনপ্রতি সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা ফিতরা নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি।। ছবি: সংগৃহীত

চলতি ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

বৈঠক শেষে জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী গম, আটা, যব, কিসমিস, খেজুর বা পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই হার নির্ধারিত হয়েছে। গত বছরের তুলনায় এবারও ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার অপরিবর্তিত রয়েছে। আটা দিয়ে আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা তার বাজার মূল্য ১১০ টাকা দিতে হবে। অন্যদিকে, পনির দিয়ে ফিতরা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা তার বাজার মূল্য সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা প্রদান করতে হবে। উল্লেখ্য, স্থানীয় বাজার মূল্যের তারতম্য অনুযায়ী ফিতরা আদায় করলেও তা কার্যকর হবে। সামর্থ্যবান মুসলমানদের ঈদের নামাজের আগেই এই ওয়াজিব সদকা আদায়ের আহ্বান জানিয়েছে কমিটি।