কুড়িগ্রামে সম্পত্তির বিরোধে ৩০ ঘণ্টা পড়ে ছিল বাবার লাশ; স্ট্যাম্পে চুক্তির পর দাফন সম্পন্ন

0
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্পত্তি নিয়ে দুই পক্ষের সন্তানদের বিরোধে ৩০ ঘণ্টা দাফনহীন পড়ে ছিল বাবার মরদেহ। স্ট্যাম্পে চুক্তির পর মধ্যরাতে সম্পন্ন হলো দাফন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সম্পত্তি বণ্টন নিয়ে দুই পক্ষের সন্তানদের জেদ আর পারিবারিক বিরোধের বলি হলেন মৃত পিতা। কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় জমি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে আজিজার রহমান (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা দাফনহীন অবস্থায় বাড়ির আঙিনায় পড়ে ছিল। গতকাল বুধবার রাত ১১টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় স্ট্যাম্পে লিখিত চুক্তির পর অবশেষে দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আজিজার রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন বুধবার বেলা ১১টায় জানাজার সময় নির্ধারিত থাকলেও প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ শুরু হয়। অভিযোগ ওঠে, মৃত আজিজার রহমান তাঁর সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলের নামে লিখে দিয়েছিলেন। এর প্রতিবাদে প্রথম পক্ষের সন্তানরা দাফনে বাধা সৃষ্টি করে সমবণ্টনের দাবি তোলেন।

সারাদিন কয়েক দফা সালিশি বৈঠক ব্যর্থ হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাফন পরা অবস্থায় দীর্ঘক্ষণ মরদেহ পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও দুঃখের সৃষ্টি হয়। অবশেষে রাত ১০টার দিকে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে ২১ শতাংশ বসতভিটা দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে এবং অবশিষ্ট অংশ বোনের জন্য বরাদ্দের লিখিত সিদ্ধান্ত হয়। এই চুক্তিতে উভয় পক্ষ স্বাক্ষর করার পর রাত ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ওই বৃদ্ধের দাফন সম্পন্ন হয়।