আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস ও ব্যাংক; রমজানে সেহরি-ইফতারের সুবিধায় বিশেষ পরিবর্তন

0
আজ থেকে বদলে গেল অফিসের সময়! রমজান উপলক্ষে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি কার্যক্রম চলবে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এই অফিস সূচি নির্ধারণ করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

নতুন এই সময়সূচিতে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি রাখা হয়েছে। তবে ব্যাংক, বিমা ও জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ বিবেচনায় নিজস্ব সূচি অনুসরণ করবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রমজানে ব্যাংকিং লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন চলাকালীন নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালতের ক্ষেত্রেও নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রমজানে আদালতের মূল কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং অফিসিয়াল কাজ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। অফিস সূচিতে এই পরিবর্তনের ফলে সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীরা ইফতারের পূর্বেই স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।