রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন

0
সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মধ্যেই! সংসদে ৩৫টি নারী আসন পাচ্ছে বিএনপি। সিটি নির্বাচনের প্রস্তুতি নিতেও ইসিকে চিঠি দিয়েছে সরকার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন পবিত্র রমজান মাসেই সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই ভোট আয়োজনের লক্ষ্যে শিগগিরই তপশিল ঘোষণা করা হতে পারে। বর্তমান সংসদের আসন বিন্যাস অনুযায়ী, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি ৩৫টি, জামায়াতে ইসলামী ১১টি, এনসিপি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটগতভাবে ১টি আসন পেতে যাচ্ছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ সাংবাদিকদের জানান, ঈদের আগেই নারী আসনের যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। তবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ঈদের পরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনেরও তোড়জোড় শুরু করেছে ইসি। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, সিটি করপোরেশনের প্রথম সভার ৫ বছর পূর্ণ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে এবং চট্টগ্রাম সিটির মেয়াদ আগামী ২২ ফেব্রুয়ারি পূর্ণ হতে যাচ্ছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ করা হলেও বর্তমানে আদালতের আদেশে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন দ্রুততম সময়ে এই তিন গুরুত্বপূর্ণ সিটিতে প্রশাসক সরিয়ে নির্বাচিত প্রতিনিধি আনতে কাজ করছে কমিশন।