তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

0
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ প্রথম তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে মিলিত হলেন তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর দ্বিতীয় কর্মদিবসেই রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক তৎপরতা শুরু করেছেন তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।

বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর প্রধানমন্ত্রী জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে তিনি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।

নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পরপরই বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। এছাড়া বিকেলের কর্মসূচিতে ‘সবুজ বিপ্লব’ প্রকল্পের অধীনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং দখলকৃত নদী-খাল উদ্ধারে মেগা প্রজেক্ট নিয়ে সভার কথা রয়েছে। সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর এই নিরবচ্ছিন্ন কর্মতৎপরতা প্রশাসনের সর্বস্তরে নতুন গতির সঞ্চার করেছে।