প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

0
মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য বড় সুসংবাদ! পবিত্র রমজানেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড।। এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে বড় পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার। এটি মূলত সার্বজনীন হবে, যেখানে হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো অন্তর্ভুক্ত হবে। কার্ড বিতরণের প্রক্রিয়া ও সঠিক তালিকা প্রণয়নের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে এই কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।

সিপিবিসহ বিভিন্ন মহলের উদ্বেগের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, আগামী অর্থবছর নয় বরং চলতি রমজানেই এর সুফল পেতে শুরু করবে মানুষ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অন্তত একটি পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই এটি কার্যকর করার সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এই প্রকল্পের কারিগরি মেকানিজম নিয়ে দ্রুত কাজ করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।