ঝিকরগাছায় ভূমিহীন কৃষকের আড়াই বিঘা শসাক্ষেত বিনষ্ট করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা

0
যশোরের ঝিকরগাছায় শত্রুতার জেরে এক ভূমিহীন কৃষকের আড়াই বিঘা শসা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ২ লাখ টাকার ক্ষতির মুখে নিস্ব কৃষক মোহর আলী।। ছবি: লোকসমাজ

ঝিকরগাছা সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামে এক ভূমিহীন কৃষকের আড়াই বিঘা জমির শসা ক্ষেত রাতের আধারে কেটে নষ্ট করে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এই নিষ্ঠুর ঘটনাটি ঘটে। এতে বর্গাচাষী মোহর আলীর প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, ধার-দেনা করে অন্যের জমি লিজ নিয়ে তিনি শসা চাষ করেছিলেন। প্রতিটি গাছে ফলন ধরা শুরু হয়েছিল এবং কয়েকদিনের মধ্যেই তা বাজারে বিক্রির কথা ছিল। বৃহস্পতিবার ভোরে মাঠে গিয়ে সব গাছ কাটা অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে সকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, থানার ওসি শাহজালাল আলম এবং উপজেলা কৃষি অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম জানান, মোহর আলী একজন ভূমিহীন কৃষক। অন্যের জমি লিজ নিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।