ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

0
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। বন্ধ হবে শিক্ষক বদলি বাণিজ্যও।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের ইংরেজি মাধ্যম (ইংলিশ মিডিয়াম) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়মনীতির আওতায় আনার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বর্তমানে যে অনিয়ন্ত্রিত পদ্ধতিতে চলছে, তা আর চলতে দেওয়া হবে না। শিক্ষা মন্ত্রণালয় খুব দ্রুতই এসব প্রতিষ্ঠানকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। এছাড়া শিক্ষক ও কর্মকর্তা বদলির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ‘বাণিজ্য’ বরদাশত করা হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

গতকাল বুধবার দায়িত্ব গ্রহণের পর আজ দ্বিতীয় দিনে শিক্ষামন্ত্রী আরও বলেন, “অতীতের মতো এবারও শিক্ষাঙ্গনে নকল ও প্রশ্নফাঁসের কোনো সুযোগ থাকবে না।” তিনি দৃঢ়তার সঙ্গে জানান, কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কারের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হবে।