পেটের ভেতর বিপুল ইয়াবা নিয়ে যুবক আটক যশোরে

0
আটকৃত মাসুদ রানা।

স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজার থেকে পেটের ভেতর ঢুকিয়ে আনা বিপুল পরিমাণ ইয়াবাসহ মাসুদ রানা (১৮) নামে এক যুবক যশোরে র‌্যাবের হাতে আটক হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা শার্শা উপজেলার গোড়পাড়া কলোনি পাড়ার হোসেন আলীর ছেলে।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মণিহার এলাকার নড়াইল রোড থেকে মাসুদ রানা নামে ওই যুবককে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবের কাছে স্বীকার করেন, তার পেটের ভেতর ৪০টি প্যাকেটে মোট আড়াই হাজার পিস ইয়াবা রয়েছে। এসব ইয়াবার কিছু মুখ দিয়ে এবং কিছু পায়ুপথ দিয়ে ঢুকিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন।

বুধবার সকালে হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা পর্যন্ত ১৩টি প্যাকেট বের করা সম্ভব হয়েছে। বাকিগুলো বের করার চেষ্টা চলছে। এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।