ভোট দিতে শেকড়ের টানে লাখো মানুষের যাত্রা; মহাসড়কে পুলিশের সংকট, বাসে দ্বিগুণ ভাড়ার অভিযোগ

0
নির্বাচনের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহনের দীর্ঘ সারি ও যাত্রীদের ভিড়।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে নাড়ির টানে গ্রামে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বিশেষ করে গাজীপুর ও ঢাকার শিল্পাঞ্চলগুলোর কারখানা ছুটি হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অতিষ্ঠ যাত্রীরা। অনেকে বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছেন না। উপায়ান্তর না দেখে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে চড়ে গন্তব্যে রওনা দিচ্ছেন সাধারণ মানুষ। এদিকে পুলিশের বড় একটি অংশ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকায় মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা ছিল অত্যন্ত কম। কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, পুলিশের স্বল্পতা সত্ত্বেও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। এই সুযোগে পরিবহন শ্রমিকরা কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যানজট ও অতিরিক্ত ভাড়ার কারণে সাধারণ শ্রমিক ও জনগণ চরম কষ্টে আছে। দীর্ঘ যানজট আর ভোগান্তি সঙ্গী করেই শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে অংশ নিতে গ্রামে ফিরছেন হাজার হাজার মানুষ।