ঢামেকে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি; জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

0
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর হাতাহাতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে সংঘটিত এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকেরা জরুরি বিভাগে চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী সানিম জ্বর ও পেটব্যথা নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। চিকিৎসক একটি ওষুধ লিখে সেটি বাইরে থেকে কিনতে বলেন। সানিমের অভিযোগ, আশপাশের কয়েকটি ফার্মেসি ঘুরে ওষুধটি না পেয়ে তিনি পুনরায় চিকিৎসকের কাছে গিয়ে বিকল্প ওষুধ দেওয়ার অনুরোধ করেন। এসময় চিকিৎসক তাঁর সঙ্গে রাগান্বিত আচরণ করেন এবং স্কেল দিয়ে মারার চেষ্টা করেন। পরবর্তীতে সানিম আরও সাত-আটজন শিক্ষার্থী নিয়ে এসে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান। একপর্যায়ে চিকিৎসকদের টানাহেঁচড়া ও মারধরের চেষ্টার অভিযোগে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে জরুরি বিভাগের চিকিৎসকেরা চেম্বার ছেড়ে ওয়েটিং রুমে অবস্থান নিলে চিকিৎসাসেবা থমকে যায়। বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জরুরি বিভাগের গেট বন্ধ করে দেয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তার খাতিরে হাসপাতাল এলাকায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।