ভারতের সংসদে বাংলাদেশকে নিয়ে একাধিক আলোচনা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা এবং সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের সংসদে একাধিক প্রশ্ন উঠেছে। এসব প্রশ্নের জবাবে নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্কের দ্বারা প্রভাবিত নয় এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে সরকার নিয়মিত নজর রাখছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লোকসভায় বাংলাদেশ সংক্রান্ত একাধিক প্রশ্নের লিখিত উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এসব কথা বলেন।

তাকে প্রশ্ন করা হয়, বর্তমানে ভারত–বাংলাদেশ সম্পর্ক কি স্পর্শকাতর পর্যায়ে রয়েছে এবং পাকিস্তান কি এ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত ও সামাজিক সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের মূল লক্ষ্য জনগণকেন্দ্রিক উন্নয়ন, এবং বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত বৈঠক ও মতবিনিময় অব্যাহত আছে।

পাকিস্তান কোনো সুবিধা নিচ্ছে কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তৃতীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক থেকে স্বাধীন।’

তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেসব বিষয় ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত, সেগুলোর ওপর সরকার সার্বক্ষণিক নজর রাখছে এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে সম্ভাব্য ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, ভারতের নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের অগ্রগতি সরকার নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে। এর মধ্যে প্রতিবেশী অঞ্চলের পরিস্থিতিও অন্তর্ভুক্ত।

তিনি জানান, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ভারতের সম্পৃক্ততা অব্যাহত রয়েছে, যাতে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত ও অগ্রসর করা যায়।