শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সোয়াল

0
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মুখপাত্র রণধীর জয়সোয়াল || ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখার কথা জানিয়েছে ভারত। আজ শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন।

রণধীর জয়সোয়াল বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি বর্তমানে বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব।” বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই প্রত্যর্পণের অনুরোধ জানানোর পর ভারতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করার উদ্যোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ভারত বাংলাদেশের সকল ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও গভীর করতে ভারত আগ্রহী। এই লক্ষ্যে খুব শিগগির দুই দেশের মধ্যে পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সরবরাহের বিষয়ে জয়সোয়াল জানান, ভারত নিজের মজুত ও প্রয়োজন বিবেচনায় রেখে জ্বালানি সরবরাহ করছে। গত মার্চ মাসে ভারত বাংলাদেশে ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে এবং চলতি মাসেও সেই সরবরাহ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।