শৈলকুপায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার দিবাগত রাতে উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল ডাকাত মালিথিয়া গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী চারদিক থেকে ঘেরাও করে ফেলে। এসময় পালানোর চেষ্টাকালে জনতা একজনকে ধাওয়া করে ধরে ফেলে এবং গণধোলাই দেয়।

পরে তার কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তা মুক্তার হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

​শৈলকুপা থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।