নড়াইলে অনলাইন প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্পমূল্যে ইলিশ মাছ সরবরাহের প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো চক্রটি

0

লোকসমাজ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদপুরের ইলিশ’ স্বল্পমূল্যে সরবরাহের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতাররা হলেন নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আকাশ শেখ (২০), একই এলাকার ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) এবং লিমন মোল্যা (২২)। পুলিশ জানায়, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্পমূল্যে ইলিশ মাছ সরবরাহের প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো চক্রটি। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে নেয় পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার যৌথ একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, অন্যের নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা বিভিন্ন নামে অনলাইন পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করতেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ধরনের অনলাইন প্রতারণা দমনে অভিযান অব্যাহত থাকবে।