শরণখোলায় জমির বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা 

জমির বিরোধে প্রতিবেশীর দুই ছেলের হামলা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে বিরোধে আব্দুল হানিফ হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাজৈর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের প্রতিবেশী বাবুল হাওলাদারের সাথে আব্দুল হানিফের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে হানিফ বিরোধপূর্ণ জমিতে গেলে বাবুল হাওলাদার এবং তার দুই ছেলে রাফি ও রাজ্জাক তার উপর হামলা করে। এ সময় হানিফকে মারধর ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় হানিফ নিজেই সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নওশিন বলেন, হাড়সহ হাতের কব্জি কাটায় তিনি গুরুতর জখম হয়েছেন। দ্রুত তার রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে।
এ সময় হানিফের সাথে কেউ না থাকায় আহত ব্যক্তিকে দ্রুত সময়ে খুলনা মেডিকেলে না নেওয়ায় সকাল ১০টার দিকে শরণখোলা হাসপাতালেই হানিফ মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণ ও হাতের কব্জির হাড়সহ অনেকগুলো শিরা কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে মেডিকেল অফিসার জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন,পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মৃত হানিফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।