রাজবাড়ীতে পাম্প কর্মচারীকে জিপচাপায় হত্যা; তেলের টাকা না দিয়ে পালাচ্ছিল চালক

0
তেলের টাকা চাওয়াই কাল হলো রিপনের; পাজেরোর চাপায় পিষ্ট হয়ে করুণ মৃত্যু ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় তেলের টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িচাপায় পিষ্ট করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ‘করিম ফিলিং স্টেশনে’ এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রিপন সাহা (২৯) ওই ফিলিং স্টেশনের কর্মচারী এবং সদর উপজেলার চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ভোরে একটি কালো রঙের পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬) পাম্পে এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। তেল নেওয়া শেষ হলে চালক টাকা না দিয়েই দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় রিপন গাড়ির পিছু নিলে চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মাত্র একশ গজ দূরে রিপনের নিথর ও ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মোহম্মদ মিজানুর রহমান জানান, রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে গাড়ির মালিক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।