চৌগাছার ডিজেল অন্য স্থানে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছার এক ব্যবসায়ী এক ব্যারেল (২০০ লিটার) ডিজেল পাশের শার্শা উপজেলায় বিক্রির অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ তেল পাম্পে নিয়ে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।

চৌগাছা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আরএস ফিলিং স্টেশনের মালিক হাজী লিয়াকত হোসেন মঙ্গলবার দুপুরে এক ব্যারেল ডিজেল পাশের শার্শা উপজেলার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন। তিনি ভ্যানে তেল নিজ এলাকায় নেওয়ার সময় পৌর এলাকার দিয়ানত মোড়ে জনতা তা আটক করে।

এরপর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পান। খবর দেওয়া হয় ব্যবসায়ী হাজী লিয়াকত হোসেনকে। তিনি বড় ছেলে শফিকুল ইসলামকে পাঠায় ঘটনাস্থলে। নির্বাহী অফিসার তাকে এভাবে ভিন্ন উপজেলায় তেল বিক্রি করতে পারেন কিনা প্রশ্ন করলে কোন সদুত্তোর না আসায় তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। জব্দ করা হয় ডিজেল। একই সাথে ব্যবসায়ী শফিকুল ইসলামকে সতর্ক করা হয়।

ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, বছরের পর বছর ধরে মুদি ব্যবসার পাশাপাশি ডিজেলও বিক্রি করি। এর লাইসেন্সও আছে। কিন্তু বর্তমান সংকটময় সময়ে এক সাথে এতো তেল বিক্রি করা ভুল ছিল। যার কারণে আমাকে অর্থদন্ডে দন্ডিত ও তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন, থানার নবাগত অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম বলেন, পেট্রোলিয়াম আইনে ব্যবসায়ী শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমান ও বিক্রয় হওয়া তেল জব্দ করা হয়েছে। পরে জব্দ তেল চৌগাছার বিশ্বাস ফিলিং স্টেশনে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।