নিখোঁজ এনসিপি সদস্যের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

0
উদ্ধারকৃত এনসিপি সদস্য ওয়াসিম আহমেদ মুকছানকে কদমতলী থানায় তার স্ত্রীর জিম্মায় হস্তান্তর করছে পুলিশ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর কদমতলী এলাকা থেকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের তিন দিন পর সন্ধান মিলেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছানের। তবে কোনো বাহিনী নয়, মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরা তাকে গোপনে একটি নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার ভোর ৫টার দিকে কদমতলীর বাসা থেকে তাকে তুলে নেওয়ার অভিযোগ তুলে থানায় জিডি করেছিলেন তার স্ত্রী শারমিন আক্তার টুম্পা।

ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ওয়াসিমের অবস্থান শনাক্ত করা হয়। তদন্তে জানা যায়, ওয়াসিম ও তার স্ত্রী পরিবার থেকে আলাদা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওয়াসিমের দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে তার পরিবার অতিষ্ঠ ছিল। ফলে পরিবারের সম্মতিক্রমে তার ছোট ভাই রাকিব স্ত্রীকে না জানিয়েই ভোরে তাকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান।

ভোরবেলা রোগী নিয়ে যাওয়া সহজ হওয়ায় সেই সময়টি বেছে নেওয়া হয়। অভিযানে ‘আইনশৃঙ্খলা বাহিনী’ পরিচয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি। উদ্ধারের পর ওয়াসিমকে তার স্ত্রীর জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ।