যশোরে মানহানির অভিযোগে রূপান্তর প্রতিদিন প্রকাশকসহ ২ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মানহানির অভিযোগে রুপান্তর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলমগীর কবীরসহ ২ জনের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার শানতলা এলাকার নগেন কুমার দাসের ছেলে রঞ্জিত কুমার দাস মামলাটি করেছেন।

অতিরিক্ত চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। মামলার অপর আসামি হলেন, সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের নিতাই দাসের ছেলে স্বপন দাস।

মামলায় উল্লেখ করা হয়েছে, রঞ্জিত কুমার দাস চুড়ামনকাটি গ্রামের চয়ন দাস হত্যা মামলার বাদীর ভাই। ওই মামালার আসামিরা ‘চয়ন হত্যা মামলা’ মীমাংসা করে নেওয়ার জন্য রঞ্জিত কুমার দাসকে চাপ সৃষ্টি করেন।

রঞ্জিত কুমার দাস এতে রাজী না হওয়ায় রুপান্তর প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক আলমগীর কবীর এবং অপর আসামি স্বপন দাস পরস্পর যোগসাজসে তাকে ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করেন।

এরই ধারাবাহিকতায় গত ২৮ ডিসেম্বর রুপান্তর প্রতিদিন পত্রিকায় কুইন্স হসপিটালের ঝাড়ুদার রঞ্জিতের দাপট শীর্ষক সংবাদ প্রকাশ করেন। যাতে চয়ন দাস হত্যা মামলার সাক্ষীদের কাছ থেকে টাকা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।