তীব্র শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

0
পৌষের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন || ছবি: এআই জেনারেটেড

লোকসমাজ ডেস্ক ॥ পৌষের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা বাংলাদেশ। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত তিন দিন ধরে চলা এই শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৬ জানুয়ারি থেকে দেশে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এ মাসে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবারও এই জেলায় তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি। বর্তমানে মাদারীপুর, রাজশাহী, পঞ্চগড়, যশোর ও বরিশালসহ ১৬টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে দেশে আরও পাঁচটি শৈত্যপ্রবাহ আসতে পারে, যার মধ্যে দুটি হতে পারে তীব্র প্রকৃতির।

তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশা যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। গতকাল সকালে কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৯টি ফ্লাইট কলকাতা, ব্যাংকক ও চট্টগ্রামে ডাইভার্ট করা হয়েছে।

একই পরিস্থিতি বিরাজ করছে নৌ ও সড়কপথেও। চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঢাকার বায়ুদূষণ। গতকালও দূষিত শহরের তালিকায় উপরের দিকে ছিল ঢাকা, যার একিউআই স্কোর ছিল ১৪১। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ, পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে যাঁদের জীবন হয়ে পড়েছে দুর্বিষহ।