আশকোণা হজ ক্যাম্পে হজযাত্রীর রিয়াল চুরি; টঙ্গী থেকে গ্রেপ্তার ২

0
আশকোণা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল ও দেশি টাকাসহ গ্রেপ্তার হওয়া দুই সদস্য।। ছবি: সংগৃহীত

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল চুরির ঘটনায় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও নাদিম। অভিযানে তাদের কাছ থেকে ১৭ হাজার সৌদি রিয়াল এবং নগদ ৯০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, গত বৃহস্পতিবার হজযাত্রী ইমরান হোসেন ভুলবশত তার হাতব্যাগটি শৌচাগারে রেখে মসজিদে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পায়জামা-পাঞ্জাবি পরা এক ব্যক্তি ছদ্মবেশে ক্যাম্পে ঢুকে শৌচাগার থেকে ব্যাগের টাকা নিয়ে নির্বিঘ্নে বেরিয়ে যান। ওই ব্যাগে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার বাংলাদেশি টাকা ছিল।

ঘটনার পর ভুক্তভোগী হজযাত্রীর ছেলে বিমানবন্দর থানায় মামলা করেন। ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় যে, গ্রেপ্তারকৃতরা টঙ্গী ইজতেমা ময়দানে আতর বিক্রি করেন। পুলিশ জানায়, চুরি হওয়া বাকি ৫ হাজার রিয়াল উদ্ধার এবং চক্রের মূল হোতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, চুরির পর দিশেহারা হজযাত্রী ইমরান হোসেনকে হজ অফিস থেকে ২ হাজার রিয়াল সহায়তা প্রদান করা হয়েছিল এবং তিনি নির্ধারিত সময়েই হজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।