ঝিনাইদহে ২ নারীসহ ৫ ভুয়া পুলিশ গ্রেফতারে, ইয়াবা ও ওয়াকিটকি উদ্ধার

তাদের কাছ থেকে পুলিশের পোশাক, ওয়াকিটকি, বিভিন্ন লোগোযুক্ত সরঞ্জাম ও ইয়াবা উদ্ধার করা হয়েছে

0
ঝিনাইদহে দুই নারীসহ ৫ ভুয়া পুলিশ
ঝিনাইদহের শৈলকুপায় আটক দুই নারীসহ ৫ ভুয়া পুলিশ এবং উদ্ধার পুলিশের পোশাক, ইয়াবাসহ সরঞ্জাম

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ: ঝিনাইদহে পুলিশের পরিচয়ে প্রতারণা ও মাদক ব্যবসার অভিযোগে দুই নারীসহ পাঁচজন ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক, ওয়াকিটকি, বিভিন্ন লোগোযুক্ত সরঞ্জাম ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে ডিবি পুলিশের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের পরিচয়ে প্রতারণা ও মাদক কেনাবেচার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—
রিয়াজ বিশ্বাস (২৭), লক্ষণদিয়া গ্রাম, শৈলকুপা
রুবেল হোসেন মোল্লা (৩২), বারুইপাড়া গ্রাম
আশিক জোয়ার্দার (২৪), কাঠাবাগান গ্রাম
তাসলিমা খাতুন (২১), কুলচারা গ্রাম
জান্নাতুল ফেরদৌস (২০), সোন্দাহ গ্রাম
উদ্ধারকৃত সামগ্রী-
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
পুলিশের মনোগ্রামযুক্ত পোশাক
ডিবি ও পুলিশের লোগো সম্বলিত জ্যাকেট, টি-শার্ট, ক্যাপ ও বেল্ট
২টি ওয়াকিটকি সেট
১৫০ পিস ইয়াবা
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পুলিশের পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে এবং চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।