দ্রুততম সময়ে সংস্কার হবে যশোর পৌরসভার সব বেহাল সড়ক: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
যশোরে গুরুদাস বাবু লেনের আরসিসি উন্নয়ন কাজের উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

যশোর পৌরসভার বেহাল সড়কগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১ মে ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুরুদাস বাবু লেন (ভোলা ট্যাংক রোড হতে এম এম আলী রোড পর্যন্ত) আরসিসি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, “যশোর অনেক পুরনো পৌরসভা হলেও এর সড়কগুলোর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি যাতে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সব সড়ক সংস্কার করা সম্ভব হয়।” আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, “পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে আমাদের কাজ চলমান রয়েছে। আমাদের প্রচেষ্টা সফল হলে বিগত বর্ষা মৌসুমের চেয়ে এবার শহরবাসীর অন্তত ৫০ ভাগ কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ।”

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থের এই সড়কটি আরসিসি দ্বারা সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান এবং জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।