যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়নপত্র জমা; লেভেল প্লেয়িং ফিল্ডের প্রত্যাশা

0
যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মনোনয়নপত্র জমা দিয়েছেন।  সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নিকট তিনি এই আবেদন দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম ও জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকী প্রমুখ।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অনিন্দ্য ইসলাম অমিত শহরের কারবালা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন এবং তাঁর প্রয়াত পিতা, বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান। এসময় শতশত নেতাকর্মী জেলা কালেক্টরেট ভবনের আঙ্গিনায় অনিন্দ্য ইসলাম অমিতকে স্বাগত জানান। এর আগে দুপুর থেকেই যশোরের বিভিন্ন প্রান্ত থেকে শতশত নেতাকর্মী এবং শুভানুদ্ধায়ীরা এসে কালিক্টরেট চত্তরে ভিড় জমায় শুধু মাত্র নেতা মনোনয়ন পত্র দাখিলের এই দৃশ্য স্বচক্ষে দেখার জন্যে।

এদিকে অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষমান নেতাকর্মীদের সাথে চত্তরে দাড়িয়ে গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দুয়া ও মুনাজাত করেন তিনি।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি ইতিবাচকভাবে সামনে এগোতে চাই। আশা করছি বর্তমান নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করবে।” এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার বঞ্চিত থাকার ফলে জনগণের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে, তা প্রচার-প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে কেটে যাবে। তিনি ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।