ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

0
মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন— কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের মিজানুর রহমান (৪০) ও তাঁর বোন বিউটি (৩০) এবং নিকট আত্মীয় যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের নিশান (২৩)। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা থেকে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি মুনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সেটির সরাসরি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।