খুলনা ব্যুরো ও ডুমুরিয়া সংবাদদাতা ॥ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টার দিকে তিনি খুলনার ডুমুরিয়ার বাড়িতে হারপিক পান করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘ দিন ধরে মানসিকভাবে অসুস্থ বলে সংসদ সদস্য জানিয়েছেন। অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান।
খুলনার সহকারী রেজিস্ট্রার ডা. খালেদ মাহমুদ জানান, অভিজিৎ চন্দ্র হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। তার রক্তের চাপ একবারে নিম্ন পর্যায়ে। পরিবারের সদস্য ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে অভিজিৎ চন্দ্র চন্দ সবার অগোচরে হারপিক পান করেন। তিনি বমি করতে থাকলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মঞ্জুর মোর্শেদ জানান, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ হারপিক পান করলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরিবারের ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে অভিজিৎ চন্দের পিতা সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন, সে বেশ কিছুদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ সে। তাকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে নিয়মিত চিকিৎসা করানো হচ্ছিল। এমতবস্থায় সে হারপিক পান করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তির জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। উল্লেখ্য, এর আগে এমপি নারায়ণ চন্দ্র চন্দের মেয়ে জয়ন্তী রানী চন্দের অস্বাভাবিক মৃত্যু হয়। তার মৃত্যুর কারণও জানা যায়নি। শোনা যায় তিনি বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন।




