সুষ্ঠু নির্বাচন করতে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে : আইজিপি

0
নির্বাচন ভবনে আয়োজিত মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখছেন আইজিপি বাহারুল আলম ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করার পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “জুলাই-পরবর্তী সময়ে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হলেও পুলিশ এখন সম্পূর্ণ সক্ষম। নির্বাচনের আগে আমরা সেই সংকট কাটিয়ে উঠেছি।” তুচ্ছ ঘটনায় রাস্তা বা মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্রবণতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সব জায়গায় শৃঙ্খলা নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহায়তা দেওয়া কঠিন হবে। অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।”

সভায় অপরাধের তাৎক্ষণিক বিচারে ‘ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি’কে সামারি ট্রায়ালের ক্ষমতা দেওয়ায় ইসির প্রশংসা করেন আইজিপি। পাশাপাশি মাঠপর্যায়ে কনস্টেবল বা সাব-ইন্সপেক্টর বদলির ক্ষেত্রে ইসির পূর্বানুমতি লাগবে কি না, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা চান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচন কমিশনারগণ এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।