পদত্যাগ করলে এখানে বসতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নিজের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদত্যাগ করলে এখানে বসতাম না।’

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মূল হোতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রধান আসামি ফয়সাল করিম দেশে না কি বিদেশে আছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।

সাম্প্রতিক ‘মব ভায়োলেন্স’ প্রসঙ্গে তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পত্রিকা দুটির সম্পাদকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে শ্রমিক হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অগ্রগতি তুলে ধরে উপদেষ্টা জানান, ১৩ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ হাজার ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে রাস্তায় কোনো প্রকার ব্লকেড বা আতশবাজি করা যাবে না।

এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।