পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

0
নির্বাচনের কারণে পিছিয়ে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা শুরু হলেও, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তের কারণে এই পরিবর্তন আসছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে পরীক্ষা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সূত্রমতে, নির্বাচনের সময় সারা দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক ব্যস্ততার কারণে ফেব্রুয়ারি মাসে বড় কোনো পাবলিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার রুটিন পিছিয়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানিয়েছেন, “বোর্ড মিটিংয়ে পরীক্ষার রুটিন ও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের শেষ বা মে মাসের শুরুকে গুরুত্ব দেওয়া হচ্ছে।” আগামী এক সপ্তাহের মধ্যে রুটিনসহ আনুষঙ্গিক সব বিষয় চূড়ান্ত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, করোনা মহামারীর পর থেকে এসএসসি পরীক্ষার সূচিতে নিয়মিত ওলটপালট দেখা গেছে। ২০২১ সালে পরীক্ষা শুরু হয়েছিল ১৪ নভেম্বর, ২০২২ সালে ১৫ সেপ্টেম্বর এবং ২০২৩ সালে ৩০ এপ্রিল। ২০২৪ সালে পরীক্ষা অনেকটা স্বাভাবিক সময়ে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি শুরু হলেও ২০২৬ সালে আবারও নির্বাচনের কারণে সূচি পরিবর্তনের মুখে পড়ল শিক্ষার্থীরা।