অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবি: যশোরে সাম্রাজ্যবাদবিরোধী জোটের বিভাগীয় সভা

বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই অসম বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বাধীন বাণিজ্যনীতি, কর-সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় ক্রয়নীতিকে ক্ষতিগ্রস্ত করবে।

0
যশোর প্রেসক্লাবে সাম্রাজ্যবাদ বিরোধী জোটের সভা
মঙ্গলবার যশোর প্রেসক্লাবে সাম্রাজ্যবাদ বিরোধী জোটের খুলনা বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলসহ জাতীয় স্বার্থবিরোধী সকল বৈদেশিক চুক্তি বাতিলের দাবিতে যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে যশোর প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান।

সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই অসম বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বাধীন বাণিজ্যনীতি, কর-সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় ক্রয়নীতিকে ক্ষতিগ্রস্ত করবে। এতে দেশীয় শিল্প ও কৃষিখাত ধ্বংসের ঝুঁকিতে পড়বে এবং শ্রমিকদের মজুরি ও অধিকার সংকুচিত হবে।

বক্তারা আরও দাবি করেন, এ ধরনের চুক্তির ফলে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে এবং বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রভাব বৃদ্ধি পাবে।

তারা বলেন, বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পগুলো মার্কিন বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়বে এবং দেশীয় উদ্যোক্তারা পিছিয়ে পড়বেন।

সভায় প্রারম্ভিক বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন। এছাড়া বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, সাম্যবাদী আন্দোলনের নেতা ওবায়দুল্লাহ মুসা এবং জাতীয় গণফ্রন্টের নেতা মাকসুদ আহমেদ মনি।

বক্তারা অভিযোগ করেন, চুক্তিটি জনগণ বা সংসদকে অবহিত না করে গোপনে সম্পাদন করা হয়েছে, যা সাংবিধানিক প্রক্রিয়ার লঙ্ঘন। তাদের মতে, এই চুক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

যশোর প্রেসক্লাবে সাম্রাজ্যবাদ বিরোধী জোটের সভা
মঙ্গলবার যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী জোটের বিভাগীয় সভা শেষে যশোর শহরে বিক্ষোভ মিছিল বের হয়- লোকসমাজ

সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সম্পাদ ও কেন্দ্রীয় সদস্য তসলিম উর রহমান, সিপিবি খুলনা জেলার সভাপতি এএসএ রশিদ, বাগেরহাট জেলার বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক ও কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য তুষার কান্তি দাস, কুষ্টিয়া জেলার বাসদের আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য শফিউর রহমান শফি, ঝিনাইদহ জেলা জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক নেহানউদ্দিন আহমেদ সোহেল, মাগুরা জেলা বাসদের সমন্বয়ক ইঞ্জিনিয়ার শম্পা বসু, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ যশোর জেলার আয়বায়ক হারুন অর রশিদ,সাতক্ষীরা জেলা বাংলাদেশ জাসদের অন্যতম নেতা ইদ্রিস আলী,নড়াইল জেলা সিপিপির অন্যতম নেতা সঞ্জিত রাজবংশী প্রমুখ।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।