বাঘারপাড়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল: বালিকায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন আজমেহেরপুর

0
বাঘারপাড়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা: বাঘারপাড়া-এ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা গ্রুপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মঙ্গলবার বিকেল তিনটায় পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ-এ অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ গোলের ব্যবধানে আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

একই মাঠে বালক গ্রুপের ফাইনালেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। এতে বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম রসুল। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশফিকুর রহমানসহ শিক্ষা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।