যশোরে ফিলিং স্টেশনে সিগারেট জ্বালাতে গিয়ে আগুন, দগ্ধ কর্মচারী

তেল নামানোর কাজের মাঝেই তিনি পাশে গিয়ে সিগারেট জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনি দগ্ধ হন

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর-বেনাপোল সড়কের পাশে একটি ফিলিং স্টেশনে সিগারেট জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল নামে এক কর্মচারী দগ্ধ হয়েছেন।

ঘটনাটি গাজীর দরগাহ এলাকার দরগাহ ফিলিং স্টেশন-এ ঘটে।

স্টেশন সূত্রে জানা যায়, গত সোমবার (৪ এপ্রিল) বিকেলে ডিপো থেকে তেল আসে এবং তা সংরক্ষণাগারে নামানোর কাজ চলছিল। এ সময় নজেলম্যান ইসমাইল কাজের ফাঁকে পাশে গিয়ে সিগারেট জ্বালান।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোজাহার আলী জানান, সিগারেট জ্বালানোর সময় তার পরনের গেঞ্জিতে আগুন লেগে যায়। দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে মাটির নিচে থাকা জ্বালানি তেলের সংরক্ষণাগারে।

তিনি বলেন, ট্যাংক লরি থেকে জ্বালানি তেল নামানোর স্থানে নেমে কাজ করেছিল ইসমাইল। ধারণা করা হচ্ছে এসময় তার পোশাকে তেল লাগে এবং সে সিগারেটে আগুন লাগানোর সাথে সাথে তার শরীরে আগুন ধরে যায়।

সিসিটিভি ফুটেজেও দেখা যায়, তেল নামানোর কাজের মাঝেই তিনি পাশে গিয়ে সিগারেট জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনি দগ্ধ হন।

পাম্পের অন্যান্য কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গুরুতর আহত ইসমাইলকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় সংরক্ষণাগারের তেল এবং আশপাশের কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যবস্থাপক মঙ্গলবার যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন বলে লোকসমাজ জানান।