চৌগাছায় ইজিবাইকে অবচেতন করে নারীর সোনার দুল ছিনতাই, চক্রের খোঁজে পুলিশ

ইজিবাইকে আরও দুইজন যাত্রী ছিল, যারা পরে একই চক্রের সদস্য বলে সন্দেহ করা হয়

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর): চৌগাছা পৌর এলাকায় ইজিবাইকে অবচেতন করে এক নারীর সোনার কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী রাশিদা বেগম (৫০) উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা।স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে প্রয়োজনীয় কাজ শেষে চৌগাছা বাজার থেকে বাড়ি ফেরার পথে পৌর লাইট চত্বরে একটি ব্যাটারিচালিত ইজিবাইক থামে। চালক তাকে সাদিপুর যাওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। ওই ইজিবাইকে আরও দুইজন যাত্রী ছিল, যারা পরে একই চক্রের সদস্য বলে সন্দেহ করা হয়।

পরে আরএস ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে এক যাত্রী কাগজ দেখানোর কথা বলে তার নাকের সামনে ধরে। এর কিছুক্ষণ পর তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন।অভিযোগ রয়েছে, ওই অবস্থায় চক্রের সদস্যরা তার কানের সোনার দুল খুলে নেয়। এরপর ইছাপুর সড়কের কানাপুকুর এলাকায় ইজিবাইকের সমস্যা হয়েছে বলে তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ফেরার পর রাশিদা বেগম অস্বাভাবিক আচরণ করছিলেন। পরে স্বাভাবিক হলে ঘটনাটি জানতে পারেন তারা। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চক্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

ইজিবাইক স্ট্যান্ডের স্থানীয় দায়িত্বশীলরা জানান, ঘটনাটি স্ট্যান্ড থেকে কিছুটা দূরে ঘটেছে এবং সন্দেহভাজনরা বাইরের এলাকার হতে পারে।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।