খুলনায় যুবককে গুলি, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা

নগরীর লবণচরা থানার কোবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে

0
খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে গুলির ঘটনায় আতঙ্ক

খুলনা ব্যুরো: খুলনা নগরীতে রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
সোমবার নগরীর লবণচরা থানার কোবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলা-র কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি ছোড়ে। এতে আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সচালক মো. ফারুক দ্রুত কাটাখালী হাইওয়ে থানা-য় আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় তারা পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেন।
রাজু হাওলাদার লবণচরা এলাকার শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। তার পেটে একটি গুলি বিদ্ধ হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাসীদের দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে, আহত ব্যক্তির সঙ্গে থাকা এক নারী দাবি করেন, রাজু তার ছেলের বন্ধু এবং গুলিবিদ্ধ অবস্থায় তার বাড়িতে আশ্রয় নেয়। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর সহকারী কমিশনার শিহাব করীম জানান, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে হামলার সুনির্দিষ্ট সময় ও স্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে বলেও জানান তিনি।