মেহেরপুরে স্ত্রীর সামনে ফুপাতো ভাইকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

দুই দিন আগে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়

0
মেহেরপুরে স্ত্রীর সামনে ফুপাতো ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে নিহত গোলাম হোসেনের স্ত্রী আলিয়া খাতুন- লোকসমাজ

লোকসমাজ ডেস্ক: মেহেরপুর শহরের শেখপাড়ায় পারিবারিক বিরোধের জেরে এক রিকশাচালককে তার স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম হোসেন (৪৫) শেখপাড়ার ইয়াসিন আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। অভিযুক্ত কালু একই এলাকার আকবর আলীর ছেলে এবং নিহতের ফুপাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, সন্ধ্যার পর তার স্বামী বাড়িতে এসে গোসল করছিলেন। এ সময় হঠাৎ করে কালু পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত কালুর সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল। গত রোববার একটি ছোটখাটো ঘটনার জেরে গোলাম হোসেনকে মারধরের ঘটনাও ঘটে, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। তবে সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর অভিযুক্ত কালু ও সংশ্লিষ্ট ওই নারী আত্মগোপনে রয়েছেন।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর মেহেরপুর সদর থানা-র একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহত গোলাম হোসেনের পরিবারে স্ত্রী আলিয়া খাতুন ও দুই মেয়ে রয়েছে।